ছবি সংগৃহীত
বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুবসমাজের ক্রমবর্ধমান হতাশাকে কেন্দ্র করে নেপালে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় আন্দোলন চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত তিন দিনে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন এবং অপর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসব ঘটনার পর সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ আরও বেড়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে সরকারের কার্যকর কোনো পরিকল্পনা নেই।
আন্দোলনকারী সংগঠন জেন-জি নেপাল দাবি করেছে, বালেন্দ্র শাহর সরকার জনবিরোধী ও স্বৈরাচারী নীতি অনুসরণ করছে। সংগঠনটির অভিযোগ, সাম্প্রতিক বাজেট ও সরকারি নীতিতে যুবকদের কর্মসংস্থান বা অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার মতো কার্যকর পদক্ষেপ নেই।
এদিকে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। নেপালি কংগ্রেসের নেতারা দাবি করেছেন, রাষ্ট্রের নীতিগত ব্যর্থতা ও অর্থনৈতিক সংকটের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে।
তবে বিক্ষোভ ও বিরোধীদের অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বা তার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।































