ছবি সংগৃহীত
চার বছর আগের গ্রেফতারের ঘটনা নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুললেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি বলেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে ‘সম্পূর্ণ বেআইনিভাবে’ এবং ‘বিশেষ মহলের স্বার্থে’ গ্রেফতার করা হয়েছিল।
র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে পরীমনি বলেন, একটি অনলাইন টকশোতে তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল।
মিথ্যা মামলায় ২৮ দিন কারাগারে থাকার সেই ঘটনা তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে মারাত্মক ক্ষতি করেছে।
রাষ্ট্রকে প্রশ্ন রেখে তিনি জানতে চান, তার হারানো সম্মান, মানসিক শান্তি ও মূল্যবোধ কি আর ফিরিয়ে দেওয়া সম্ভব? মানুষের মনে তাকে নিয়ে যে বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে রাষ্ট্র কি তার দায় নেবে?
তবে প্রতিশোধ নয়, সত্য ও ন্যায়বিচারের পক্ষে থাকার কথা জানিয়ে পরীমনি বলেন, ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের অন্যায়ের শিকার না হন এটুকুই তার চাওয়া। কাজ, সন্তান ও দর্শকদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি।































