ছবি সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর নিউইয়র্কে পৌঁছালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান। পরে মোটর শোভাযাত্রায় তাকে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে নেওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। এদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতাদের স্বাগত প্রাতরাশে অংশ নেওয়ার পর সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন তিনি। পাশাপাশি তুরস্ক, ভুটান, বিশ্বব্যাংক ও হাইতির শীর্ষ প্রতিনিধিসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
বুধবার রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত সাইড ইভেন্টে অংশ নিয়ে দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী। একই দিন জলবায়ু পরিবর্তন ও ন্যায্য রূপান্তরবিষয়ক উচ্চপর্যায়ের সভায়ও অংশ নেবেন।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে জাতিসংঘের সর্বোচ্চ মঞ্চে তার প্রথম ভাষণ। এতে গণতন্ত্র, আইনের শাসন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরার কথা রয়েছে।
সফরকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ওয়াল স্ট্রিট ও মেটার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে।
বর্তমান সফরসূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।































