শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, আশ্বিন ১০ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

‘কখনোই মাথা নত করব না’, ট্রাম্পকে পেজেশকিয়ানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

‘কখনোই মাথা নত করব না’, ট্রাম্পকে পেজেশকিয়ানের হুঁশিয়ারি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির কাছে ইরান কখনো মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে যুদ্ধের অবসানে কূটনৈতিক সমাধানের জন্য আলোচনায় প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞা, চাপ ও হুমকি যত বাড়বে, ইরানের জনগণের প্রতিরোধও তত বাড়বে। তিনি বলেন, ‘আমরা কখনো মাথা নত করব না, কখনোই হাঁটু গেড়ে বসব না।’

এর আগে মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ইরানকে ‘ধ্বংস’ করে দিতে পারে। এর জবাবে পেজেশকিয়ান ট্রাম্পের বক্তব্যকে ‘দাদাগিরির মানসিকতার’ প্রকাশ বলে মন্তব্য করেন।

তবে আলোচনার পথ খোলা রাখার কথা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সংলাপ, কূটনীতি ও আলোচনার জন্য প্রস্তুত। তবে শক্তি প্রয়োগের ভাষা আমরা মেনে নেব না।’

পেজেশকিয়ান বলেন, যেকোনো চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত হতে হবে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ চলাচলের সুযোগ নিশ্চিত করার দাবিও জানান তিনি।

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার থাকবে জানিয়ে পেজেশকিয়ান বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহতদের ছবি দেখিয়ে ইরানকে সন্ত্রাসবাদের জন্য দায়ী করার মার্কিন বক্তব্যের সমালোচনা করেন।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে কাতারের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র এ আলোচনাকে ‘গঠনমূলক ও আশাব্যঞ্জক’ বললেও ইরান জানিয়েছে, অবরোধ প্রত্যাহার ও জব্দ করা ইরানি সম্পদ ছাড়ার বিষয়টি তাদের গুরুত্বপূর্ণ শর্ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়