ছবি সংগৃহীত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে পুনরায় ইলিশ আমদানির সুযোগ দেওয়ার অনুরোধ জানায়। খবর এএনআইয়ের।
চিঠিতে বলা হয়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করতেন তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন আমদানিকারকরা।
তারা জানায়, ২০১৯ সাল থেকে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে এক মাসের জন্য বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও তা ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না।
চিঠিতে দুই বাংলার অভিন্ন সংস্কৃতি, ভাষা ও রন্ধন ঐতিহ্যের কথা তুলে ধরে বলা হয়, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয়। তাই ইলিশ রপ্তানির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।































