ছবি সংগৃহীত
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীতে প্রতি মাসে গড়ে প্রায় ৬ হাজার সেনার ঘাটতি তৈরি হচ্ছে বলে দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া প্রতিদিন প্রায় ১ হাজার নতুন সেনা নিয়োগ দিচ্ছে। সে হিসেবে মাসে ৩০ থেকে ৩১ হাজার সেনা নিয়োগ হলেও বিভিন্ন ফ্রন্টে প্রতি মাসে গড়ে প্রায় ৩৬ হাজার সেনা হারাচ্ছে রুশ বাহিনী।
পশ্চিমা কর্মকর্তাদের দাবি, এই ক্রমাগত সেনা ঘাটতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়াচ্ছে। তাদের মতে, যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সীমিত বিকল্প থাকায় রাশিয়া ইউক্রেনের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা জোরদার করছে।
তারা আরও বলেন, নতুন করে ব্যাপক সেনা সমাবেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে রাশিয়ার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ২০২২ সালের সর্বশেষ সেনা সমাবেশের পর প্রায় ১০ লাখ রুশ নাগরিক দেশ ছেড়েছিলেন।
এদিকে ইউক্রেন পশ্চিমা মিত্রদের কাছে আরও আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছে। পশ্চিমা কর্মকর্তাদের মূল্যায়ন, রাশিয়া ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে চলতে চায়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়, যা এখনও চলছে।
সূত্র: দ্য গার্ডিয়ান































