ছবি সংগৃহীত
শিশুর শিক্ষাজীবনের শুরু এবং তাকে ঘিরে বাবা-মায়ের স্বপ্নের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘লিটল স্টার স্মার্ট বুক’-এর নতুন বিজ্ঞাপনচিত্র। এটি নির্মাণ করেছেন নির্মাতা আশিকুর অ্যাশ। বিজ্ঞাপনচিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু।
একটি শিশুর মুখে প্রথম ‘অ আ ক খ’ কিংবা ‘এ ফর অ্যাপল’ উচ্চারণের সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের নানা প্রত্যাশা। তবে আর্থিক সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে অনেক পরিবারের পক্ষেই শিশুর জন্য আলাদা শিক্ষক বা নিয়মিত টিউশনের ব্যবস্থা করা সম্ভব হয় না। এমন বাস্তবতাকে ঘিরেই সাজানো হয়েছে বিজ্ঞাপনচিত্রটির গল্প।
এতে একজন বাবার চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। সন্তানের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনা এবং পারিবারিক বাস্তবতার মধ্য দিয়ে গল্পটি এগিয়েছে। তাঁর সঙ্গে অভিনয় করেছেন লোপামুদ্রা, সাহিল খান, আল ফরহাদ ও শিশু শিল্পী রূপকথা।
ঘরে বসে শিশুর শেখার সুযোগকেও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে। ছবি ও শব্দের মাধ্যমে শেখার বিষয়টি উঠে এসেছে বিজ্ঞাপনচিত্রটিতে।
আশিকুর অ্যাশের নির্মাণ ক্যারিয়ার শুরু হয় ২০১৭ সালে সহকারী পরিচালক হিসেবে। ক্যারিয়ারের শুরুর দিকে রায়হান রাফি, আওয়াল চৌধুরী ও বদিউল আলম খোকনের সঙ্গে কাজ করেন তিনি। পরে স্বাধীনভাবে নির্মাণ শুরু করেন।
কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন অ্যাশ। তাঁর নির্মিত চলচ্চিত্র বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপনচিত্র নির্মাণেও নিয়মিত কাজ করছেন তিনি।
নিজের প্রোডাকশন হাউস অ্যাশ ফিল্মসের হয়ে ওভিসি নির্মাণের পাশাপাশি ভিশন এডভার্টাইজিংয়ের জন্য টিভিসিও নির্মাণ করেছেন এই নির্মাতা। শিশুর শিক্ষা ও পারিবারিক সম্পর্কের গল্পকে কেন্দ্র করে নির্মিত নতুন বিজ্ঞাপনচিত্রটি তাঁর বিজ্ঞাপন নির্মাণের কাজের ধারাবাহিকতায় নতুন সংযোজন।































