ছবি সংগৃহীত
ইরানের সঙ্গে অন্তর্বর্তী সমঝোতা স্মারক কার্যত বাতিল ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয় এবং তাদের নেতৃত্ব সহিংস। তবে তিনি জানান, মার্কিন প্রতিনিধিরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন।
এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র বন্দর আব্বাস, সিরিক ও কেশম দ্বীপে ব্যাপক সামরিক হামলা চালায়। মার্কিন কর্মকর্তারা জানান, এপ্রিলের যুদ্ধবিরতির পর এটি ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান — আগের হামলার চেয়ে চার থেকে পাঁচ গুণ শক্তিশালী।
পাল্টা জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং ভয়ভীতি দিয়ে ইরান নতি স্বীকার করবে না। ইরানের সামরিক বাহিনীও 'বিধ্বংসী প্রতিক্রিয়া' দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে ন্যাটো সম্মেলনে ট্রাম্প স্পেনকে 'ভয়াবহ অংশীদার' বলে ট্রেজারি সেক্রেটারিকে সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেন। হামলার সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চলছিল বলে জানা গেছে।































