ছবি রয়টার্স
প্রায় দেড়শো বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে। স্থানীয় সময় সোমবার ৬.১ মাত্রার এই ভূমিকম্পে কিউবার পাশাপাশি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতেও কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মানতুয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। রাজধানী হাভানাতেও উল্লেখযোগ্যভাবে কম্পন অনুভূত হয়। ইউএসজিএসের ভূকম্পবিদ পল আর্ল জানান, ১৮৮০ সালের পর এই অঞ্চলে এত শক্তিশালী ভূমিকম্প আর হয়নি।
পশ্চিম কিউবার বাসিন্দা ইউসমিলা হার্নান্দেজ বলেন, এমন কম্পন তিনি আগে কখনো অনুভব করেননি — সবাই আতঙ্কে বাইরে ছুটে যায়।
মেক্সিকোর কানকুন, প্লায়া দেল কারমেন ও তুলুমেও কম্পন অনুভূত হয়েছে। ইউকাতান ও কুইন্টানা রু রাজ্যে জরুরি অবস্থা জারি করা হলেও বড় ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। সুনামির কোনো সতর্কতাও জারি হয়নি।
তবে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে কিউবার ভবনগুলো আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চলমান বিদ্যুৎ বিভ্রাটে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র এখনো স্পষ্ট নয়।
সূত্র: রয়টার্স































