ছবি সংগৃহীত
চলতি অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে ছিল ২ হাজার ৭৬৯ ডলার। একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের বছরের ৩ দশমিক ৪৯ শতাংশের চেয়ে বেশি। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সাময়িক হিসাবে এ তথ্য উঠে এসেছে।
চলতি মূল্যে জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা বা ৫০১ বিলিয়ন ডলার। খাতভিত্তিক চিত্রে কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি বেড়েছে, তবে শিল্প খাতে প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৮৬ শতাংশে নেমেছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট এবং বেসরকারি বিনিয়োগের ধীরগতিকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে।
তবে উদ্বেগের বিষয় হলো, জিডিপি প্রবৃদ্ধি বাড়লেও বিনিয়োগের হার কমে ২৭ দশমিক ৯৩ শতাংশে এবং জাতীয় সঞ্চয় ২৬ দশমিক ৯৩ শতাংশে নেমে এসেছে। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগ ও সঞ্চয়ের এই নিম্নমুখী প্রবণতা দীর্ঘমেয়াদে অর্থনীতির প্রবৃদ্ধির সক্ষমতাকে সীমিত করতে পারে।































