ছবি সংগৃহীত
ঢাকার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আলোচনায় যৌথভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে বলে তিনি জানান।
গত ২৭ মে কোরবানির ঈদের আগের দিন এই মর্মান্তিক ঘটনা ঘটে। আদ্-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন জানান, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশু হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হলে ভোর ৬টার দিকে তাদের এনআইসিইউতে নেওয়া হয়। সেখানে দুটি শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি চারজন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেটরে থাকলেও শেষ পর্যন্ত তারাও মারা যায়। ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোচনার জন্ম দেয়।































