ছবি সংগৃহীত
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায়ে আদালত বলেছেন, হত্যার আগে রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।
গত ১৯ মে মিরপুরের পল্লবীতে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে (৮) স্বপ্না কৌশলে নিজের কক্ষে নিয়ে যান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবার ও প্রতিবেশীরা শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং বালতির মধ্যে তার মাথা দেখতে পান। ঘটনার পর স্বপ্নাকে ঘটনাস্থল থেকে এবং সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়।
মাত্র চার কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন হয়। ১ জুন অভিযোগ গঠন, ২ জুন ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, ৩ জুন আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করা হলো। এই নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল এবং দ্রুত বিচারের দাবিতে ব্যাপক আন্দোলন হয়েছিল।































