ছবি সংগৃহীত
বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ রোববার বেলা ১১টার দিকে ঘোষণা হতে পারে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় দেবেন বলে আদালতের বেঞ্চ সহকারী নিশ্চিত করেছেন।
রায়ের আগেই সকাল সাড়ে ৮টায় আসামি স্বপ্না আক্তার এবং ৮টা ৫০ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বর্তমানে দুজনই আদালতের হাজতখানায় রায়ের অপেক্ষায় আছেন। রায়কে ঘিরে আদালত এলাকায় কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্বে রয়েছেন।
মাত্র চার কার্যদিবসে মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে। ১ জুন অভিযোগ গঠনের পর ২ জুন ১৮ জনের মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। ৩ জুন আত্মপক্ষ সমর্থনের শুনানিতে দুই আসামিই নিজেদের নির্দোষ দাবি করেন এবং ৪ জুন যুক্তিতর্ক শেষে আজকের দিনটি রায়ের জন্য নির্ধারিত হয়।
উল্লেখ্য, গত ১৯ মে মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিচারের দাবিতে ব্যাপক আন্দোলন হয়।































