ছবি সংগৃহীত
দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য এই বাজেটে প্রতিফলিত হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেই বাজেট করতে হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দেশের সব নাগরিককে অন্তর্ভুক্ত করার চেষ্টা। অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।































