ছবি সংগৃহীত
অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু গণমাধ্যমকে জানান, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেয়নি।
তিনি বলেন, উচ্চশিক্ষা সংস্কার ও শিক্ষাক্রম পর্যালোচনার আলোচনা চললেও বাংলা, ইতিহাস বা দর্শনের মতো মৌলিক বিষয় বাতিলের কোনো পরিকল্পনা নেই।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৭ সালের শিক্ষাবর্ষকে সামনে রেখে শিক্ষাক্রম সংস্কার ও কিছু নতুন বিষয় যুক্ত করার আলোচনা চললেও অনার্স পর্যায়ের এসব বিষয় বাতিলের কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে গুজবে বিভ্রান্ত না হয়ে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।































