ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রয়োজনীয় শর্ত পূরণ করলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো ব্যক্তি আওয়ামী লীগের পরিচয় বা দলীয় প্রচারণা ব্যবহার না করে নির্ধারিত যোগ্যতা পূরণ করলে নির্বাচনে অংশ নিতে পারবেন।
তিনি বলেন, কোনো প্রার্থী যদি নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নাম, প্রতীক বা দলীয় বক্তব্য ব্যবহার করেন, তাহলে তা সমস্যা হিসেবে বিবেচিত হবে। তবে একজন ব্যক্তি হিসেবে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে তার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।
আওয়ামী লীগের দলীয় পদ-পদবিধারীদের বিষয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা দলীয় পরিচয়ে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। তবে ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্ধারিত শর্ত পূরণ করলে তারাও প্রার্থী হতে পারবেন।































