ছবি সংগৃহীত
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোচনা শুরু হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতে শেওড়াপাড়ার একটি গলিতে হেলমেটবিহীন এক যুবক ইয়ামাহা এফজেড ভার্সন ৩ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। আগে থেকে ওত পেতে থাকা দুই দুর্বৃত্তের একজন চলন্ত অবস্থায় তার মাথা লক্ষ্য করে সজোরে ইট ছোড়ে। আঘাতে যুবকটি মোটরসাইকেলসহ রাস্তায় লুটিয়ে পড়লে অপরজন বাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার পরপরই দ্বিতীয় দুর্বৃত্ত 'ওপর থেকে ইট পড়েছে' বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের ডেকে আহতকে রিকশায় হাসপাতালে পাঠানোর ভান করে। উপস্থিত মানুষজন প্রথমে পুরো ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে করেছিলেন।
ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয় এবং রাতেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। কাফরুল থানার ওসি মো. সাজ্জাদ জানান, এটি সাধারণ ছিনতাই নয়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরই আইনের আওতায় আনা হবে।































