ছবি সংগৃহীত
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জারি করা এক অফিস আদেশে জানানো হয়, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠান রয়েছে।
বোর্ড জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে ব্যাখ্যা চেয়ে গত ২২ জুলাই নোটিশ দেওয়া হয়েছিল। তবে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব দেয়নি। তাই তাদের আবারও সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২৪ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা, যন্ত্রপাতি, গ্রন্থাগার এবং পাঠদানের অনুমতির শর্তসহ অন্যান্য নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করা হতে পারে।
বোর্ডের প্রকাশিত তালিকায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের মোট ৬২১টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।































