ছবি সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণায় আড়িয়াল বিলের পাঁচ প্রজাতির দেশি ছোট মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে কই মাছে।
গবেষণায় কই, বাটা, মেনি, গুলশা টেংরা ও পুঁটি মাছের নমুনা বিশ্লেষণ করা হয়। গবেষকদের মতে, বর্তমানে এসব মাছ খাওয়ায় তাৎক্ষণিক স্বাস্থ্যঝুঁকির প্রমাণ না মিললেও দীর্ঘমেয়াদে মানবস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা ও জলজ পরিবেশে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
গবেষণার প্রধান গবেষক বাকৃবির অধ্যাপক ড. মো. শাহজাহান জানান, পরীক্ষায় মাছের পাশাপাশি পানি ও পলিমাটিতেও উল্লেখযোগ্য পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তার মতে, আতঙ্ক নয়, বরং উৎস থেকেই প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।































