ছবি সংগৃহীত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিদ্যুৎ চুরি করে গড়ে ওঠা অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্টে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। রোববার মধ্যরাতে পরিচালিত এ অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার, চার্জিং সরঞ্জাম ও কয়েকটি অবৈধ অটোরিকশা জব্দ করা হয়।
অভিযানে দেখা যায়, রাস্তার ধারে গাছের সঙ্গে সার্কিট ব্রেকার বসিয়ে এবং অবৈধভাবে মিটার সংযুক্ত করে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরির মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছিল।
ডিপিডিসির উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও অবৈধ সংযোগ পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। অভিযানের কিছুদিন পরই আবার একই কায়দায় চার্জিং পয়েন্ট গড়ে ওঠে। বিদ্যুৎ আইনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি রফিকুল ইসলাম জানান, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।































