ছবি সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য রয়েছেন। তাদের কেউ কেউ অতীতে র্যাবেও কর্মরত ছিলেন।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট দুপুরে ধানমন্ডির ১২/এ নম্বর সড়কে মো. খোরশেদ আলম নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি করে ৮ থেকে ১০ জনের একটি দল। পালানোর সময় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারদের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রের আরও সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
পলাতক ও অজ্ঞাতনামা সদস্যদের গ্রেফতার এবং বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে।































