রোববার ০৪ অক্টোবর ২০২৬, আশ্বিন ১৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চালুর পরদিনই ফাঁকা মহিলা বাস, যাত্রীদের আগ্রহ কম

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৮, ১৯ আগস্ট ২০২৬

চালুর পরদিনই ফাঁকা মহিলা বাস, যাত্রীদের আগ্রহ কম

ছবি সংগৃহীত

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন পথে চালু করা হয়েছে মহিলা বাস সেবা। তবে চালুর পরদিন বুধবার এসব বাসে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। অধিকাংশ আসন ফাঁকা রেখেই বাস চলাচল করতে দেখা যায়।

বুধবার সকাল ৯টার পর রাজধানীর শ্যামলী বাস পয়েন্ট দিয়ে মিরপুর-১০ থেকে মতিঝিলগামী একটি মহিলা বাস চলাচল করতে দেখা যায়। বাইরে থেকে বাসটির দোতলার প্রায় সব আসনই ফাঁকা দেখা যায়। নিচতলায় ছিলেন চার থেকে পাঁচজন নারী যাত্রী।

বাসটির পেছনের দরজার কাছে একজন পুরুষ যাত্রী এবং চালকের সহকারীর আসনে আরও একজন পুরুষকে দেখা যায়। শ্যামলী থেকে সংসদ ভবন পর্যন্ত কয়েকটি বাসস্টপ পার হলেও ওই বাসে নতুন করে কোনো যাত্রী উঠতে বা নামতে দেখা যায়নি। যাত্রী কম থাকায় চালক কয়েকটি বাসস্টপে না থেমেই বাস চালিয়ে যান।

সাধারণ বাসেই বেশি নারী যাত্রী

অন্যদিকে, একই সময়ে রাজধানীর সাধারণ গণপরিবহনে নারী যাত্রীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। পুরুষ ও নারী উভয়ের জন্য চলাচলকারী বাসের দরজায় ঝুলেও নারীদের যাতায়াত করতে দেখা যায়।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ফার্মগেট এলাকায় অবস্থান করেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো মহিলা বাসের দেখা পাননি প্রতিবেদক। অথচ এ সময় ফার্মগেট বাসস্টপে বেশ কিছু নারী যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়।

তাদের অনেকেই মহিলা বাসের জন্য আলাদাভাবে অপেক্ষা না করে প্রতিদিনের মতো সাধারণ বাসে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

ফার্মগেট বাসস্টপে অপেক্ষমাণ আসমা আক্তার বলেন, তিনি মহিলা বাসের জন্য নির্দিষ্ট করে অপেক্ষা করছেন না। প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছেন এবং যে বাস আগে আসবে, সেটিতেই উঠবেন।

তিনি বলেন, নির্দিষ্ট মহিলা বাসের অপেক্ষায় থাকলে সেটি কখন আসবে এবং সময়মতো কর্মস্থলে পৌঁছানো যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আরেক যাত্রী সোনালী খাতুন বলেন, প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেও তিনি মহিলা বাসের দেখা পাননি। তবে নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। সুযোগ পেলে তিনিও এ বাসে যাতায়াত করবেন বলে জানান।

সোনালী বলেন, সেবাটি মাত্র শুরু হয়েছে। ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হলে নারীদের জন্য এটি আরও কার্যকর হবে। বর্তমানে বাসের সংখ্যা কম থাকায় কর্মস্থলে যাওয়ার সময় শুধু মহিলা বাসের জন্য অপেক্ষা করা কঠিন। তাই দ্রুত বাসের সংখ্যা বাড়ানো প্রয়োজন।

৯ পথে ১০টি বাস

মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সেবার উদ্বোধন করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে যুক্ত করে প্রাথমিকভাবে নয়টি রুটে ১০টি বাস চালানো হচ্ছে। এসব বাসের চালক ও সহকারী হিসেবে নারী কর্মীরা দায়িত্ব পালন করছেন। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও মোট চারটি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে।

ঢাকার নয়টি রুটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসগুলো চলাচল করবে। নির্ধারিত রুটে মোট ১১৪টি বাসস্টপে বাস থামার ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন এই সেবা কতটা জনপ্রিয় হবে, তা নির্ভর করবে বাসের সংখ্যা, নির্ধারিত সময়ে বাস পাওয়া এবং রুটভিত্তিক চলাচলের ধারাবাহিকতার ওপর। আপাতত চালুর দ্বিতীয় দিনে বিভিন্ন রুটে যাত্রী উপস্থিতিতে ভিন্নতা দেখা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়