ছবি সংগৃহীত
রাজধানীর বনানীর মহাখালী টিভি গেট এলাকায় কথিত পরকীয়াজনিত বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিউটি আক্তার নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে একটি ভাড়া বাসায় দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডার পর বিউটি আক্তার ধারালো অস্ত্র দিয়ে মামুনকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। মামুনের চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে বিউটি আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। গুরুতর আহত অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাসার মালিক সুমন জানান, শুক্রবার বিউটি আক্তার ও মামুন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কক্ষ ভাড়া নেন। পরে জানা যায় তারা আসলে স্বামী-স্ত্রী নন।
নিহত মামুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ছিলেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।































