ছবি সংগৃহীত
বৈরি আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে সায়েন্স ল্যাব, নিউমার্কেট, ধানমন্ডিসহ আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।
বিক্ষোভকারীরা ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘এক, দুই, তিন, চার, মিলন তুমি গদি ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে ‘ফার্মের মুরগি’ মন্তব্যেরও প্রতিবাদ জানান তারা।
একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।































