ছবি সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সক্রিয় হয়ে উঠেছে কথিত 'বডি কন্ট্রাক্ট' সিন্ডিকেট। শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটকে কেন্দ্র করে ৭৬ জন সন্দেহভাজন যাত্রীকে শনাক্ত করা হয়। বোর্ডিং গেটে পাঁচজনের ভিসায় অসঙ্গতি ধরা পড়তেই খবর ছড়িয়ে পড়ে এবং বাকি ৭১ জন কৌশলে বিমানবন্দর ত্যাগ করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সংশ্লিষ্ট যাত্রীরা ট্যুরিস্ট ভিসায় গিয়ে মালয়েশিয়ায় অবৈধভাবে থেকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পুরো বিষয়টি পরিচালিত হচ্ছিল বলে ধারণা করছেন গোয়েন্দারা, যারা এটিকে মানবপাচারের সম্ভাব্য কৌশল হিসেবে দেখছেন।
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, ভিসায় অসঙ্গতি থাকা সত্ত্বেও এসব যাত্রী চেক-ইন ও ইমিগ্রেশনের একাধিক স্তর পার হয়ে বোর্ডিং গেট পর্যন্ত কীভাবে পৌঁছালেন। বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো নেটওয়ার্ক উদঘাটনে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে।































