বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখতে সব নাগরিকের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস ত্যাগ করে পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।
সোমবার বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে স্থানীয় গ্রামবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমরা যদি নিজের ঘর ও আশপাশ পরিষ্কার না রাখি, তাহলে দেশও পরিচ্ছন্ন থাকবে না। বাইরে থেকে কেউ এসে আমাদের দেশ পরিষ্কার করে দিয়ে যাবে না। দেশকে সুন্দর রাখতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’
প্রধানমন্ত্রী দেশবাসীকে ব্যবহৃত পানির বোতল, পলিথিন, টিস্যুসহ বিভিন্ন বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে।
নিজের অভ্যাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ব্যবহৃত টিস্যু তিনি পকেটে রেখে পরে ডাস্টবিনে ফেলেন। ছোটবেলা থেকেই এ অভ্যাস গড়ে তুলেছেন বলেও জানান তিনি।
বক্তব্যের একপর্যায়ে খালের পানিতে ভাসমান প্লাস্টিকের বোতল দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়েকজন মানুষ পরিষ্কার রাখলেও অন্যরা যদি ময়লা ফেলতে থাকে, তাহলে কোনো স্থানই পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। দেশও একটি পরিবারের মতো, তাই সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, বাজার, সড়ক ও জনসমাগমস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা শুধু পরিবেশের সৌন্দর্য নষ্ট করে না, জনস্বাস্থ্যের জন্যও হুমকি সৃষ্টি করে। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































