ছবি সংগৃহীত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি এখনো রাজনীতির মাঠে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত এবং বিজেপির শাসনের অবসান না দেখে মরতে চান না।
বুধবার দেওয়া এক ফেসবুক বার্তায় ৭১ বছর বয়সী এই নেতা নিজের বয়স নিয়ে সমালোচনার জবাব দেন। তিনি বলেন, মানুষের বয়স নয়, তার মনোবল, শারীরিক সক্ষমতা ও মানসিক শক্তিই আসল। বয়স নিয়ে কাউকে অপমান না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন অনেকেই চেয়েছিল তিনি যেন হার্ট অ্যাটাকে মারা যান। কিন্তু তিনি বেঁচে থাকবেন, যত দিন না বিজেপির পতন দেখেন।
মমতা বলেন, দল থেকে কেউ চলে যেতে চাইলে যেতে পারে। তবে যারা থাকবেন, তাদের নিয়েই তিনি আবারও দলকে শক্তিশালী করে গড়ে তুলবেন। ১৯৯৭ ও ২০০৪ সালের মতো কঠিন সময় পার করে ফের ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, তিনি একাধিক প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব তৈরি করেছেন এবং যারা তার সঙ্গে রয়েছেন, তাদের পাশে ছাতার মতো থাকবেন। রাজনীতি থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।
সম্প্রতি দলীয় বিদ্রোহ ও রাজনৈতিক চাপের মধ্যেই মমতার এই মন্তব্য আসে। অভিযোগ রয়েছে, টিএমসির বেশ কয়েকজন জনপ্রতিনিধি বিদ্রোহ করেছেন এবং দলের একটি অংশ নতুন রাজনৈতিক অবস্থান নিয়েছে।
আগামী ২১ জুলাই টিএমসির শহীদ দিবসকে সামনে রেখে দেওয়া এই বার্তায় মমতা বলেন, "করব, লড়ব, বাঁচব", যা তার রাজনৈতিক লড়াই অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।































