ছবি সংগৃহীত
মিয়ানমারের উপকূলে রোহিঙ্গা শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৫০০ জনেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। যদিও ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে এটিকে রোহিঙ্গাদের চলমান মানবিক সংকটের আরেকটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে দেখা হচ্ছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, জুনের শেষ দিকে রাখাইন রাজ্য থেকে যাত্রা করা দুটি নৌকায় পাঁচ শতাধিক মানুষ ছিলেন। তাদের অধিকাংশই রোহিঙ্গা শরণার্থী। এছাড়া কিছু যাত্রী বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকেও এই ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় অংশ নিয়েছিলেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, প্রায় ২৫০ আরোহী নিয়ে প্রথম নৌকাটি মিয়ানমার ছাড়ার কিছুক্ষণ পরই নিখোঁজ হয়ে যায়। দ্বিতীয় নৌকায় প্রায় ২৮০ জন ছিলেন এবং এটি ৮ জুলাই আয়েয়ারওয়াডি উপকূলের কাছে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ, হতাহতের সংখ্যা এবং নিখোঁজদের ভাগ্য জানতে উদ্ধার অভিযান ও তদন্ত চলছে। জাতিসংঘ বলছে, সম্ভাব্য প্রাণহানির এই সংখ্যা সত্য হলে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ রোহিঙ্গা নৌকাডুবির ঘটনা হিসেবে বিবেচিত হবে।































