ছবি সংগৃহীত
চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের দুটি প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের আপত্তির পর বিষয়টি পর্যালোচনা করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।
সোমবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে যে অভিযোগ উঠেছে, তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
শিক্ষা বোর্ড জানায়, পর্যালোচনায় সংশ্লিষ্ট প্রশ্নে কোনো ত্রুটি বা অসংগতি প্রমাণিত হলে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়। প্রয়োজনে ওই প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বরও দেওয়া হবে।
একই সঙ্গে বিষয়টি নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের দুটি প্রশ্নে ভুল রয়েছে বলে বিভিন্ন অভিযোগ ও আলোচনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়।































