ছবি সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সরকারের পক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলেই মানুষকে আত্মরক্ষার ব্যবস্থা নিজেরাই নিতে হচ্ছে।
মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করতে হবে। একই সঙ্গে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, "লক্ষণ খুব ভালো নয়।" তার ভাষ্য, একের পর এক এমন ঘটনা ঘটছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে।
জামায়াত আমির আরও বলেন, জনগণকে এখন নিজেদের নিরাপত্তার বিষয়েও সচেতন থাকতে হচ্ছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের অপরাধে জড়িতদের "খুঁটির জোর কোথায়?"
চট্টগ্রামের ওই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।































