যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি
দুই বছরের মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। নতুন কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলে দলীয় সূত্রে জানা গেছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে যেকোনো সময় ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে।
দলীয় সূত্র বলছে, নতুন নেতৃত্ব বাছাইয়ের বিষয়টি সরাসরি তদারকি করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতৃত্ব নির্বাচনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, কারাবরণ, জুলাই বিপ্লবে সক্রিয়তা, শিক্ষাগত যোগ্যতা এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এবার সাবেক নেতাদের প্রভাব কিংবা কোনো ‘সিন্ডিকেটের’ নিয়ন্ত্রণ এড়িয়ে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আলাদাভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও সূত্র জানিয়েছে।
সম্প্রতি ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন তারেক রহমান। ওই সময় নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম ও তাদের সাংগঠনিক ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আলোচনায় যারা
ছাত্রদলের কেন্দ্রীয় শীর্ষ পদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বের জন্য কয়েকজনের নাম বর্তমানে আলোচনায় রয়েছে। তারা হলেন এ বি এম ইজাজুল কবির (রুয়েল), মনজুরুল আলম (রিয়াদ), শরিফ প্রধান শুভ, আমান উল্লাহ আমান, এইচ এম আবু জাফর (জাফর), মমিনুল ইসলাম (জিসান), রাজু আহমেদ, খোরশেদ আলম (সোহেল), আরিফুল ইসলাম (আরিফ), তরিকুল ইসলাম (তারিক), আবদুর রহিম (রনি) ও মিনহাজ আহমেদ (প্রিন্স)।
তবে দলীয় সূত্রগুলো বলছে, আলোচনায় থাকা নামের তালিকাই চূড়ান্ত নয়। যাচাই-বাছাই শেষে এতে পরিবর্তন আসতে পারে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যাদের অবদান রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার সক্ষমতার প্রমাণ রয়েছে, নতুন কমিটিতে তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
দলীয় সূত্রের ধারণা, প্রথম ধাপে কেন্দ্রীয় কমিটির শীর্ষ পাঁচটি পদ ঘোষণা করা হতে পারে। এরপর পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া এগোবে।































