ছবি সংগৃহীত
আগামী বছরের মধ্যে দুই লাখ প্রবাসী বাংলাদেশিকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে অবৈধ অভিবাসন কমাতেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
শনিবার রাজধানীর একটি হোটেলে ‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশিস (এনআরবি)’ আয়োজিত ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা ও বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসা নীতি সহজ করা হচ্ছে। এরই মধ্যে এ বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের মূল স্লোগান ‘বাংলাদেশ ফাস্ট’ এবং নির্বাচনী ইশতেহারের ভিত্তি অর্থনৈতিক কূটনীতি। এ লক্ষ্য বাস্তবায়নে শুধু প্রচার নয়, দৃশ্যমান কাজ করতে হবে।
বিশ্বজুড়ে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানেও দ্বিপাক্ষিক উদ্যোগের পাশাপাশি বহুপাক্ষিক আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।































