ছবি সংগৃহীত
দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদের মধ্যেও সরকার সর্বোচ্চ চেষ্টা করবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকতে। তাদের অপূরণীয় ক্ষতি কখনো পূরণ করা সম্ভব নয়, তবে সরকার অতীতের মতো ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, পরবর্তী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারীদের স্মরণ করে তিনি বলেন, যারা দেশের জন্য জীবন ও ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করে যাবে।
তিনি বলেন, বাস্তবতার কারণে সবকিছু দ্রুত বাস্তবায়ন সম্ভব না হলেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। আত্মত্যাগী গণতান্ত্রিক সংগ্রামীদের ত্যাগ ও সমর্থনই সরকারের কাজের মূল প্রেরণা বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা তাদের অনুভূতি তুলে ধরেন।































