ছবি সংগৃহীত
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৩ হাজার ১৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।
এর আগে ২২ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত ১০৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৫ বার দাম বাড়ানো, ৫১ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।































