ছবি সংগৃহীত
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও কেনা হবে।
টিসিবির পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহ করা হবে। প্রাথমিকভাবে প্রায় অর্ধেক পণ্য দেশীয় ও অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে কেনার পরিকল্পনা রয়েছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে মাসভিত্তিক চাহিদা, মজুত ও পাইপলাইনে থাকা পণ্যের সরবরাহ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। মজুত সক্ষমতা বাড়াতে প্রায় ১০ হাজার টন অতিরিক্ত গুদাম সুবিধা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
ভর্তুকির ওপর নির্ভরতা কমাতে প্রতিযোগিতামূলক দামে পণ্য কিনে কিছু পণ্য সামান্য মুনাফায় বিক্রির পরিকল্পনা করছে টিসিবি। ভোজ্যতেল, ডাল ও চিনির পাশাপাশি পরীক্ষামূলকভাবে সাবান, ডিটারজেন্ট ও লবণ বিক্রি শুরু হয়েছে। ভবিষ্যতে আটা, মসলা, মরিচ ও হলুদ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এদিকে টিসিবির প্রায় ৮০ লাখ স্মার্ট কার্ড অনুমোদিত হয়েছে, যার মধ্যে প্রায় ৭৫ লাখ বিতরণ করা হয়েছে। সরবরাহব্যবস্থা আধুনিক করতে বিক্রয়কেন্দ্রে পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন এবং সুবিধাভোগীদের জন্য মোবাইলভিত্তিক ডিজিটাল সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।































