ছবি সংগৃহীত
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজ জেলেরা হলেন নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
সোমবার দুপুরে প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের মধ্যে ট্রলারটি ডুবে যায়। এতে ১৩ জেলে ছিলেন। দুর্ঘটনার পর আটজন প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থেকে অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠে প্রাণে বাঁচেন।
উদ্ধার হওয়া জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, ঝড়ের সময় জাল ফেলার প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।
নিখোঁজদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার পাঠানো হয়। পরে উদ্ধারকারী ট্রলারটি পাঁচ জেলের লাশ নিয়ে উপকূলের দিকে রওনা দেয়।































