ছবি সংগৃহীত
সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় মোট ৯ জন গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাতে হামলার পর রোববার নিহতের স্ত্রী শিউলি বেগম ৩৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে এখনই সব আসামির নাম প্রকাশ করা হচ্ছে না। আজ সোমবার গ্রেপ্তারদের বিষয়ে র্যাবের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি প্রাইভেটকার যাওয়ার পথে অটোরিকশা থাকায় চালক জহিরুল ইসলাম অটোচালক জসিম ও গ্যারেজ মালিক আবুল কালামকে মারধর করেন। এ সময় আলতাফ হোসেন বাধা দিলে হামলাকারীরা তাঁকেও মারধর করে। পরে তিনি ছেলেদের পোশাক কারখানায় আশ্রয় নিলে জহিরুল আরও লোকজন ডেকে সেখানে হামলা চালান। এতে আলতাফ ও তাঁর ছেলে আরিফুল গুরুতর আহত হন।
রাত ১০টার দিকে তাঁদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন। তাঁর ছেলে আরিফুল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
আলতাফের পরিবারের অভিযোগ, হামলাকারীরা ওই এলাকায় নিয়মিত মাদক সেবন করত। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন জানিয়েছেন, ঘটনার মূল হোতা জহিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের মধ্যে প্রভাবশালী কেউ থাকলেও ছাড় দেওয়া হবে না।































