ছবি সংগৃহীত
সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছেলে গুরুতর আহত হয়েছেন।
নিহত মো. আলতাফ হোসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরদেশী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পাশাপাশি নিজের জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার রাতে কারখানার পাশের বাসায় ফেরার পথে আলতাফ হোসেন একটি ব্যক্তিগত গাড়িতে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। তিনি বাধা দিলে তাঁকেও মারধর করা হয়। পরে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে প্রাণ বাঁচাতে তিনি নিজের কারখানায় ঢুকে পড়েন।
অভিযোগ রয়েছে, এরপর হামলাকারীরা আরও ১৫ থেকে ২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায়। তারা কারখানার মেশিন ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফকে মারধর করে গুরুতর আহত করে।
পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তাঁর ছেলে আরিফ চিকিৎসাধীন।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।






























