ছবি সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সরকার কাজ করছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সুনামগঞ্জের মানুষ বিদেশে যেতে আগ্রহী। তবে শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, তাদের প্রশিক্ষণ ও ভাষা দক্ষতা নিশ্চিত করতে হবে। এ জন্য জেলার পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে শিক্ষক ও শিক্ষার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, বিদেশগামীদের ইংরেজি, আরবি, জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। প্রশিক্ষণ শেষে বৈধ পথে বিদেশ যাওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় মন্ত্রী ভূমধ্যসাগরে নিহত অভিবাসন প্রত্যাশীদের পরিবারের করা মামলার আসামি ও সংশ্লিষ্ট চক্রের বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেটের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন।
অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে বিদেশ যাওয়া ঠেকাতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালানোরও নির্দেশ দেন তিনি। পাশাপাশি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থানে নিয়মিত সচেতনতা কার্যক্রম পরিচালনার কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, সাগরে যারা মারা গেছেন, তারা কোথা থেকে এবং কীভাবে বিদেশে যাচ্ছিলেন, এর সঙ্গে কোন চক্র জড়িত, এসব তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে। বিদেশে অবস্থানরতদেরও তথ্য সংগ্রহ করে দেওয়ার নির্দেশ দেন তিনি। এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, কয়ছর এম আহমদ, অ্যাডভোকেট নরুল ইসলাম নুরুল, কামরুজ্জামান কামরুলসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।































