ছবি সংগৃহীত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
৩৫ বছর পর সংসদে রাষ্ট্রপতি নির্বাচন
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টার পর ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ছয়জন ভোট দেননি।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিতে পারেন না। তবে দলীয় সদস্য নন এমন স্বতন্ত্র সংসদ সদস্যরা দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
যেভাবে শুরু হয় ভোট
রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তাদের পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
নির্বাচনের ফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।































