ছবি সংগৃহীত
নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ শিক্ষার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভালো ফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই নারীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের প্রায় ১ কোটি ২০ লাখ প্রাথমিক শিক্ষার্থীর হাতে প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নারীদের স্বাবলম্বী করার উদ্যোগের অংশ হিসেবে পরিবারের নারী প্রধানদের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রীর আশা, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।































