বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, শ্রাবণ ২৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

স্বামীকে দাফনের ৬ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ১৩ আগস্ট ২০২৬

স্বামীকে দাফনের ৬ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে পোশাক শ্রমিক খোকন সরকার মারা যাওয়ার ছয় ঘণ্টা পর তার স্ত্রী ফজিলত বেগমও মারা গেছেন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফজিলত বেগমের মৃত্যু হয়। এর আগে একই দিন সকাল ১০টায় খোকন সরকারের জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়। পরে বৃহস্পতিবার সকালে স্বামীর কবরের পাশে ফজিলত বেগমকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। এতে খোকন সরকার (৫৪) ও ফজিলত বেগম (৪০) গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় খোকন সরকারের মৃত্যু হয়। পরদিন সকালে তার মরদেহ দেবিদ্বারের গ্রামের বাড়িতে নেওয়া হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিন বিকেলে মারা যান তার স্ত্রী ফজিলত বেগম।

এই দম্পতি নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাদের দুই সন্তান রয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে অসহায় পরিবারের পাশে উপজেলা প্রশাসন থাকবে এবং সরকারি আর্থিক সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়