ছবি সংগৃহীত
সড়কপথে রোববার (১৬ আগস্ট) দিনব্যাপী কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ নেওয়ার পর এটাই তার প্রথম কিশোরগঞ্জ সফর। জেলা সদরসহ কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
দুপুর সাড়ে ১২টায় কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বেলা আড়াইটায় কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।
বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন অনুদান ও সম্মানী প্রদান কার্যক্রমে অংশ নেবেন তিনি। এর মধ্যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তার আগমন উপলক্ষে সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ার বিভিন্ন সড়ক সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করা হয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।































