ছবি সংগৃহীত
ফ্রান্সকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। শিরোপার লড়াইয়ের আগে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডকে সমান শক্তিশালী বলেই মনে করছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে ব্যক্তিগত সম্পর্কের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে কিছুটা আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।
সেমিফাইনালের পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, স্পেন-ফ্রান্স ম্যাচ যেমন আগাম ফাইনালের মতো ছিল, তেমনি আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইটিও আরেকটি আগাম ফাইনাল। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের উপস্থিতিই এবারের বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতার মান প্রমাণ করে।
ফাইনালে কাকে প্রতিপক্ষ হিসেবে চান, এমন প্রশ্নের জবাবে স্প্যানিশ কোচ বলেন, মাঠের দিক থেকে তার কোনো পছন্দ নেই। আর্জেন্টিনা ও ইংল্যান্ড দুই দলই ভিন্ন ধরনের ফুটবল খেলে এবং উভয়েই সমান কঠিন প্রতিপক্ষ।
তবে তিনি জানান, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক থাকায় তাদের বিপক্ষে ফাইনাল খেলতে পারলে সেটি বিশেষ অনুভূতির হবে।
একই সঙ্গে ইংল্যান্ডের প্রশংসা করে দে লা ফুয়েন্তে বলেন, বিশ্বকাপ শুরুর আগেই তিনি ইংল্যান্ডকে অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে বিবেচনা করেছিলেন। তার মতে, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল হবে দুই পরাশক্তির হাড্ডাহাড্ডি লড়াই এবং যে দলই জিতুক, স্পেন তাদের মোকাবিলায় প্রস্তুত।
নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে স্প্যানিশ কোচ বলেন, তারা বিশ্বের অন্যতম সেরা একটি দলকে হারিয়েছে। তবে তার বিশ্বাস, বর্তমানে বিশ্বের সেরা দলই স্পেন।
স্প্যানিশ ফুটবলের প্রশংসা করে তিনি বলেন, আক্রমণ ও রক্ষণ, দুই বিভাগেই স্প্যানিশ ফুটবলারদের দক্ষতা বিশ্বমানের। এই সাফল্যের কৃতিত্ব শুধু খেলোয়াড়দের নয়, বরং কোচ, ক্লাব এবং দেশের ফুটবল কাঠামোরও।































