ছবি সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার ৪৫ বছর ধরে পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন অন্যতম ছিলেন।
সূত্রগুলোর দাবি, হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে ভারতে অবস্থান করেন এবং পরে ছদ্মনামে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন।
প্রায় সাড়ে চার দশক পলাতক থাকার পর তার গ্রেপ্তারকে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হবে।































