ছবি সংগৃহীত
ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রীদের চাপ কমাতে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে নতুন একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে নতুন ট্রেনটি চালু হবে প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচ সংগ্রহের পর।
জাতীয় সংসদে রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বর্তমানে ইঞ্জিন ও কোচের সংকট থাকায় ট্রেনটি চালু করতে কিছুটা সময় লাগবে। এ জন্য ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের প্রক্রিয়াও চলছে।
রেলমন্ত্রী আরও বলেন, ঢাকা-সিলেট রেলপথ ভবিষ্যতে ডুয়েলগেজ বা ব্রডগেজে উন্নীত করা হলে ওই রুটে ব্রডগেজ ট্রেন চালুর বিষয়টিও বিবেচনা করা হবে।
এ ছাড়া নতুন কোচ ও লোকোমোটিভ সংগ্রহের পর ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটেও নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
রেলওয়ের আধুনিকায়নের অংশ হিসেবে খুলনা-যশোর রুটের পুরোনো রেললাইন সংস্কার ও সিগন্যালিং ব্যবস্থা উন্নয়ন এবং জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষাও সম্পন্ন হয়েছে বলে সংসদে জানান রেলমন্ত্রী।































