ছবি সংগৃহীত
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীতে নির্ধারিত স্থান ছাড়া কোথাও পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্ধারিত স্থানেই হাট বসবে, যত্রতত্র হাট বসানোর সুযোগ থাকবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি করপোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি বৈঠক হয়েছে, যেখানে যানজট নিয়ন্ত্রণ, পশুর হাট ব্যবস্থাপনা, মহাসড়ক-রেল ও নৌপথের ব্যবস্থাপনা, চামড়া ব্যবস্থাপনা এবং মূল্য নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতি বছর গাবতলী হাটে গরু আনা-নেয়া ও বেচাকেনার কারণে বড় ধরনের যানজট তৈরি হয়। এবার তা নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সিটি করপোরেশনের সমন্বয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, হাট এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি ইজারাদারদের স্বেচ্ছাসেবক দলও থাকবে। জাল টাকা প্রতিরোধে এবং নজরদারির জন্য ওয়াচ টাওয়ারসহ বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।































