ছবি সংগৃহীত
বিশ্বকাপে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে মোট ১০টি শটের মধ্যে ৭টিই ছিল মেসির। ম্যাচ শেষে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ স্বীকার করেন, নিজেদের ভুলের কারণেই মেসির জন্য গোল করা সহজ হয়ে গেছে।
পেতকোভিচ বলেন, প্রথম ও দ্বিতীয় গোলের সময় তারাই মেসিকে সুযোগ করে দিয়েছেন। তবে একইসঙ্গে মেসির প্রশংসাও করেন তিনি। বলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার যে অসাধারণ ক্ষমতা মেসির আছে, তা দিয়ে তিনি যেকোনো কঠিন কাজকে সহজ করে ফেলেন। কয়েক দশক ধরে অবিশ্বাস্য কীর্তি গড়ে চলেছেন এই তারকা এবং পুরো আর্জেন্টিনা দল তার জন্য জীবন দিয়ে খেলে।
নিজ দলের পারফরম্যান্স নিয়ে কোচ বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়দের অবলীলায় শট নেওয়ার সুযোগ দিয়ে বেশ কিছু বড় ভুল করেছে তার দল। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আলজেরিয়ার পরের ম্যাচ ২২ জুন জর্ডান এবং ২৮ জুন অস্ট্রিয়ার বিপক্ষে — পরের রাউন্ডে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই।































