ছবি সংগৃহীত
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার এই রায় প্রকাশিত হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। বাকি আসামিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২৪ সালের ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। দুই হাত ছড়িয়ে পুলিশের সামনে দাঁড়ানো তার ভাইরাল ভিডিও সারাদেশে বিক্ষোভের আগুন ছড়িয়ে দেয়। সরকার কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং এ ঘটনার ২০ দিন পর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।































