ছবি সংগৃহীত
মালয়েশিয়া সফরে বাংলাদেশিদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং অনিয়মিত শ্রমিকদের বৈধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়। আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টিও বৈঠকে উত্থাপন করা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা এগিয়ে নেওয়া, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ, আইসিটি, জ্বালানি, অবকাঠামো, হালাল শিল্প, প্রতিরক্ষা ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক এবং সন্ত্রাসবাদ দমন ও বিনিয়োগ সংক্রান্ত দুটি দলিল বিনিময় হয়।
রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি। সফর শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান।






























